সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’ ইস্যুতে যা বললেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ দিন ধরে জাতীয় দলে একসঙ্গে খেলছেন দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাঠের বাইরে যেমন একে অপরের দারুণ বন্ধুত্ব ছিল তেমনি মাঠেও পারফরম্যান্সে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তবে সেই বন্ধুর সম্পর্ক ‘ফাটল’ ধরেছে। এখন প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলেন না। এতে সম্পর্কের উন্নতির চেষ্টাও করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তামিম।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে সংবাদ সম্মলনে আসেন তামিম। সেই সময়ে ইংল্যান্ড সিরিজ ও সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’ ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

তামিম বলছেন, ‘আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো- আমি ও সাকিব যখন জাতীয় দলের জার্সি পড়ে নেমে আমি আমার সেরাটা দিই। আর সাকিব নিজের সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন পরামর্শ চাইলেই সে সাড়া দেয়। আবার তার অধিনায়কত্বেও আমিও প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে।

আগামী পহেলা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। দুপুর বারোটা থেকে ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »