প্রধান কোচ হয়ে আমেরিকায় কোচিং করাতে যাচ্ছেন আফতাব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে ইতি টানেন আফতাব আহমেদ। এরপরে কোচিং পেশায় নিজেকে যুক্ত করেছেন জাতীয় দলের সাবেক মারকুটে এই ক্রিকেটার। যেখানে ডিপিএল ও বিপিএলসহ টি-টেন আসরেও কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার প্রধান কোচের দায়িত্ব নিয়ে আমেরিকায় কোচিং করাতে যাচ্ছেন আফতাব।

সর্বশেষ ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলেছেন আফতাব। এরপরে ২০১৪ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন। এরপরেই সব ধরনের ক্রিকেট থেকে ইতি টানেন আফতাব। গত কয়েক বছর ধরে ক্রিকেট শিখিয়ে আসছেন সাবেক এই ক্রিকেটার। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আফতাব।

এবার দেশের বাইরে আমেরিকাতে প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং করাতে যাচ্ছেন আফতাব। যেখানে আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ারের হয়ে কাজ করবেন সাবেক এই টাইগার অলরাউন্ডার।

আফতাব বলেন, ‘সম্ভবত পরবর্তী মাসে আমি আমেরিকায় চলে যাচ্ছি। একেবারে নয়, তবে মোটামুটি পরিবার নিয়েই যাচ্ছি। প্রথমে আমেরিকার ক্লাবে যুক্ত হব। ইনশাআল্লাহ এরপর আস্তে আস্তে সেখানকার জাতীয় দল বা অন্য কিছু নিয়ে চিন্তা করব। বাইরে কোচিংয়ের শুরুতে আটলান্টা ফায়ারের হয়ে কাজ করব। আমি যে সামনের মাসে যাব এটা হয়তো অনেকে জানে না। যাওয়ার আগেই সবাইকে জানাব ইনশাআল্লাহ।’

আফতাব আরও বলেন, ‘আটলান্টা ফায়ারের হয়েই সেখানে যাচ্ছি। ওখানে বর্তমানে মাইনর লিগ রয়েছে। সামনের বছর ওরা একটা মেজর লিগ দিবে। ওদের একাডেমি আছে, যা নিয়ে বিভিন্ন প্ল্যান রয়েছে তাদের। এটা মোটামুটি বড় পরিসরের পরিকল্পনা।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »