পিএসএল না খেলে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নেবেন লিটল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল জস লিটলের। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পিএসএল খেলা হচ্ছে না তার। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেবেন আয়ারল্যান্ডের এ বাঁহাতি পেসার।

সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন লিটল। সেই চোট থেকে এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি। সামনে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। একই সাথে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট রয়েছে।

সব মিলিয়ে নিজেকে ফিট করে তুলতে পিএসএলে খেলছেন না লিটল। আসন্ন আসরের জন্য নিলাম থেকে তাকে ৪.৪ কোটি রুপিতে দলে নিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স।

লিটলের পায়ে এখনও অস্বস্তি রয়েছে। একই সাথে অতিরিক্ত সতর্কতার কারণেই তাকে এখনই মাঠে না ফেরার পরামর্শ দিয়েছেন তারা বলে জানিয়েছেন আয়ারল্যান্ড দলের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান ও ফিজিওথেরাপিস্ট মার্ক রুশা।

তিনি বলেন, ‘এসএ টোয়েন্টির শেষ দিকে জস তার হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করার কথা জানিয়েছিলেন। প্রিটোরিয়া ক্যাপিটালসের মেডিক্যাল কর্মীরা তাকে স্ক্যানের জন্য পাঠিয়েছিলেন। যদিও সেটা অস্পষ্ট ছিল। আরও বেশি সতর্কতার জন্য জস আয়ারল্যান্ড মেডিক্যাল টিমের সঙ্গে যোগ দিতে দেশে ফিরে আসর সিদ্ধান্ত নিয়েছিলেন।’

আইরিশ ক্রিকেটের মেডিক্যাল হেড বলেন, ‘এখানে এমআরআই করানোর পর হ্যামস্ট্রিংয়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মার্চের শেষের দিকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতির জন্য পুনর্বাসনে নিজেকে ফিট রাখতে কন্ডিশনিং ও বোলিংয়ের অনুশীলন করবেন তিনি ডাবলিনে এবং সামনের আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততার জন্য প্রস্তুতি নেবেন।’

বাংলাদেশে সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে। আসন্ন এ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দলও ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে মূল লড়াইয়ের আগে ১৫ মার্চ প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ও বাংলাদেশে।

সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ মাঠে গড়াবে। এরপর ৩১ মার্চ শেষ হবে টাইগারদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ। সবকিছু ঠিক থাকলে আইপিএলে খেলতে  খেলার বিমান ধরবেন বাংলাদেশ থেকেই এ আইরিশ পেসার।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »