নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক থাকছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম। প্রথম আসরেই শিরোপা জিতেছে তার দল ইস্টার্ন কেপ। এসএ টোয়েন্টিতে দলের হয়ে ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি।
এসএ টোয়েন্টির প্রথম আসরে ১২৭ স্ট্রাইক রেটে ৩৬৯ রান করেছেন এইডেন মার্করাম। একই সাথে পার্ট-টাইম বোলিংয়েও বেশ সফল ছিলেন তিনি। যেখানে ৬.১৯ ইকোনমি রেটে ১১টি উইকেটও শিকার করেছেন এইডেন।
এতে আইপিএলে অধিনায়ক হিসেবে তাকেই বেছে নিয়েছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ আইপিএলে হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন এই সাউথ আফ্রিকান। গত আসরে হায়দরাবাদের অধিনায়কত্ব করেছিলেন কেন উইলিয়ামসন।
২০২২ সালের আইপিএল নিলামে ২.৬ কোটি রুপিতে মার্করামকে দলে নেয় হায়দরাবাদ। সেই আসরে ১২ ইনিংসে ১৩৯.০৫ স্ট্রাইক রেট, ৪৭.৬২ গড় এবং তিনটি হাফ সেঞ্চুরিসহ ৩৮১ রান করেছিলেন তিনি।
এস.আর/নিউজক্রিকেট২৪
