নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন প্যাট কামিন্স। এতে শীর্ষস্থান দখল করলেন জেমস অ্যান্ডারসন। চার বছর ধরে শীর্ষে থাকা অজি অধিনায়ক তিন নম্বরে নেমেছেন।
এবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা ইংল্যান্ডের তারকা জেমস অ্যান্ডারসন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন। আইসিসির টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের তালিকায় দুইয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে দারুণ খেলার কারণে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের তারকা স্পিনার।
ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে মোটেও ভালো খেলেননি কামিন্স। দুটি টেস্টে মাত্র তিনটি উইকেট শিকার করেছেন এ অজি অধিনায়ক।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে দারুণ খেলে সাত উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। এমন পারফরম্যান্সের কারণেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইংলিশদের এ তারকা পেসার।
এ নিয়ে ষষ্ঠবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠলেন অ্যান্ডারসন। ২০০৩ সালে এই ফরম্যাটে অভিষেকের পর ২০১৬ সালে প্রথম তালিকায় শীর্ষে ওঠেন তিনি। সবশেষ ২০১৮ সালে এক নম্বরে ছিলেন। তবে সেই সময়ে পাঁচ মাসের জন্য শীর্ষে ছিলেন এ ইংলিশ তারকা পেসার।
একই সাথে নতুন নজির গড়লেন তিনি। ১৯৩৬ সালের পর থেকে বয়স্কতম খেলোয়াড় হিসেবে আইসিসি বোলারদের ক্রমপর্যায়ের শীর্ষে উঠেছেন। এখন অ্যান্ডারসনের বয়স ৪০ বছর ২০৭ দিন।
