নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবারও বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপরে আজ প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। এত দ্রুত বাংলাদেশে ফিরবে ভাবেননি হাথুরুসিংহে বলে জানিয়েছেন লঙ্কান এই কোচ।
আজ মিরপুরের সংবাদ সম্মেলনে কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘যদিও ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার। এরপর ২০২৩ বিশ্বকাপ আছে, আমার নিউ সাউথ ওয়েলস সিজনটা একটু দেরি ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার।’
হাথুরু বলেন, ‘শেষবার চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল। বাংলাদেশের জন্য আমার সবসময়ই সফট কর্ণার ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। ফিরে আসার কথা সবসময়ই কাজ করতো।’
আগামী ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথাও রয়েছে বাংলাদেশের৷ সেই ম্যাচে টাইগারদের সাথে উপস্থিত থাকবেন হাথুরুসিংহে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন হাথুরু। এরপডে দ্বিতীয় দফায় আগামী দুই বছরের জন্য টাইগারদের কোচ হলেন তিনি। একইসঙ্গে তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন সাবেক লঙ্কান এই কোচ।
