নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট কোথায় কোনো লেগ স্পিনারদের দাপট দেখা মিলে না। ক্রিকেট বিশ্বে অন্যান্য দেশগুলোতে কমপক্ষে একজন করে লেগ স্পিনার থাকলেও বাংলাদেশেই একমাত্র ব্যতিক্রম। তবে এবার আক্ষেপ ঘুচাতে লেগ স্পিন হান্টে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার বিপিএলের ফাইনাল শেষে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই লেগ স্পিনার খুঁজতে হান্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন পাপন।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বিপিএল কিংবা কোনো লিগেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে লেগ স্পিনার খুঁজতে সারাদেশে হান্টিং শুরু করার কথা জানিয়েছে। প্রতিটি জেলা ও বিভাগ অনুযায়ী এই হান্টিং চলবে। পরে সেখান থেকে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস আশাকরি আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’
তিনি আরও বলেন, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। তবে এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাব না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করব।’
এস.আর/নিউজক্রিকেট২৪
