নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় হারের দেখা পেলো বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের কাছেও হারলো টাইগ্রেসরা।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গ্রুপ ওয়ানের ম্যাচে বাংলাদেশকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
আজ টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। দলের হয়ে সুজি বেটস ৬১ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে ফাহিমা খাতুন ৩৬ রানে ২টি উইকেট শিকার করেছেন।
জবাবে কিউইদের বিপক্ষে ব্যাটে-বলে কোনো দিক দিয়েই সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
মুর্শিদা খাতুন আর স্বর্ণা আক্তার ছাড়া বাংলাদেশের কেহ তেমন রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৮ রানে থামে তারা। বাংলাদেশের হয়ে মুর্শিদা ৩৮ বলে ৩০ আর স্বর্ণা ২২ বলে ৩১ রান করেন।
নিউজিল্যান্ডের এডেন কারসন ১৮ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন।
