নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে দারুণ খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইএসপিএন ক্রিকইনফো’।
ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পাননি শিরোপা নির্ধারণী ফাইনালের দুই অধিনায়ক কুমিল্লার ইমরুল কায়েস ও সিলেটের মাশরাফী বিন মোর্ত্তজা।
এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ খেলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন, তিন নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান), রনি তালুকদার (৪২৫ রান), তৌহিদ হৃদয় (৪০৩ রান)। এই তিন ব্যাটারের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড গড়েছেন শান্ত।
মিডল অর্ডারে জায়গা পেয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৭৫ রান ও বল হাতে ১০ উইকেট নিয়েছেন তিনি। এরপরে পাকিস্তানি তিন ক্রিকেটার ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও ইমাদ ওয়াসিমরা জায়গা নিয়েছেন।
বরিশালের হয়ে খেলা পাকিস্তানের ইফতিখার এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ১১ ম্যাচে ১৫৭.৪০ স্ট্রাইক রেট ও ৫৮.৫০ গড়ে ৩৫১ রান করেছেন। কুমিল্লার খুশদিল ১৬১.৪৮ স্ট্রাইক রেট ও ৪৭.৮০ গড়ে ২৩৯ রান করেন। এছাড়া ইমাদ ওয়াসিম মাত্র ৫.১১ ইকোনোমি রেটে ১২ উইকেট শিকার করেন।
অন্যদিকে, বল হাতে দারণ খেলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুরের পেসার হাসান মাহমুদ। যেখানে তারা দুজনে সমান ১৭ উইকেট শিকার করে করেছেন। এর মধ্যে সবচেয়ে কম ১২ ম্যাচে খেলেছেন তানভীর এবং ১৪ ম্যাচ খেলেছেন তরুণ পেসার।
এছাড়া ঢাকা ডমিনেটরসের তাসকিন আহমেদ মাত্র ৬.০২ ইকোনোমি রেটে ১০ উইকেট শিকার করেন। ১৫ উইকেট শিকার করে একাদশে জায়গা করে নিয়েছেন রংপুরের আজমতউল্লাহ ওমরজাই।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
