নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর মাঠে গড়ায়। বিপিএলের নবম আসরের ফাইনালে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে কুমিল্লা তিনবার শিরোপা জিতেছে, অন্যদিকে এবারই প্রথম বিপিএলের শিরোপা জয়ের সুযোগ সিলেটের।
আজ (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের নবম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেখে নিন বিপিএলের আট আসরের চ্যাম্পিয়ন দল ও ফাইনালগুলোর সংক্ষিপ্ত বিবরণ:
প্রথম বিপিএল ফাইনাল (২০১২) : বিপিএলের প্রথম আসরের ফাইনালে ৮ উইকেটের জয়ে শিরোপা জয় করে মাশরাফি বিন মর্তুজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। যেখানে মুখোমুখি হয়েছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও বরিশাল বার্নার্স। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। জবাবে পাকিস্তানের ইমরান নাজিরের ৭৫ রানের সুবাদে ১৬তম ওভারেই জয় তুলে নেয় ঢাকা।
দ্বিতীয় বিপিএল ফাইনাল (২০১৩) : দ্বিতীয় আসরে ৪৩ রানের জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটর্স। যেখানে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চিটাগং কিংস। টস জিতে প্রথমে বোলিং করতে নামে চিটাগং। এনামুল হকের ৫৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান করেছিলো ঢাকা। জবাবে ১৯ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয় চিটাগং।
তৃতীয় বিপিএল ফাইনাল (২০১৫) : তৃতীয় আসরেরর ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়েছিলো শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান তুলে বরিশাল। শাহরিয়ার নাফীস অপরাজিত ৪৪ ও মাহমুদুল্লাহ ৪৮ রান করেন। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তুলে শিরোপা জয়ের স্বাদ নেয় কুমিল্লা। এতে অধিনায়ক হিসেবে হ্যাট্টিক শিরোপার স্বাদ পান মাশরাফি।
চতুর্থ বিপিএল ফাইনাল (২০১৬) : চতুর্থ আসরের ফাইনালে ৫৬ রানের জয়ে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস।ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৩ রানে অনআউট হয়ে যায় রাজশাহী।
পঞ্চম বিপিএল ফাইনাল (২০১৭) : বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতে মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। যেখানে ফাইনালে ৫৭ রানে ঢাকা ডায়নামাইটসকে হারায় রংপুর। ৬৯ বলে ৫টি চার ও ১৮টি ছক্কায় অপরাজিত ১৪৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। শেষ পর্যন্ত ২০ ওভারে ১ উইকেটে রংপুর করে ২০৬ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ঢাকা।
ষষ্ঠ বিপিএল ফাইনাল (২০১৮) : ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে কুমিল্লা। ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল। ২০০ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে ম্যাচ হারে ঢাকা।
সপ্তম বিপিএল ফাইনাল (২০১৯) : সপ্তম আসরের ফাইনালে খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ রানে জিতে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলে রাজশাহী রয়্যালস। টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ইরফান শুক্কুরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। ৩৫ বলে ৫২ রান করেন ইরফান। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান পর্যন্ত যেতে পারে খুলনা।
অষ্টম বিপিএল ফাইনাল (২০২২) : অষ্টম আসরের শ্বাসরুদ্ধকার ফাইনালে ১ রানে বরিশালকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা। জবাবে ৮ উইকেটে ১৫০ রান করে হারে বরিশাল।
এস.আর/নিউজক্রিকেট২৪
