নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮ সাল থেকে ভারতে শুরু হওয়া ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’কে চলতি বছরে প্রথমবারের মতো নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ রূপান্তর করা হচ্ছে। আসন্ন আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন টেনিস তারকা সানিয়া মির্জা।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আরসিবির ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ।
নারীদের আইপিএলে যুক্ত হতে পেরে বেশ খুশি সানিয়া মির্জা। তিন বলেন, ‘আমি কিছুটা বিস্মিত, তবে উচ্ছ্বসিতও। আমি তরুণ ওই নারী ক্রিকেটারদের জানাতে চাই যে, ক্রীড়াঙ্গন তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হতে পারে। পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে, যত বাধাই আসুক নিজের ওপর বিশ্বাস রাখলে লক্ষ্য অর্জন সম্ভব।’
নিজের কাজের বিষয়ে ধারণা দিয়ে সানিয়া মির্জা বলেন, ‘আমি তাদের মানসিক দিক নিয়ে কাজ করবো। আমার ২০ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে তাদের মানসিক স্থিতিশীলতা, বিশ্বাস আনতে চেষ্টা করবো। একমাত্র ভারতীয় হিসেবে বহুবছর টেনিস খেলা একাকিত্বের মতো ছিল, তবে চাপ ছিল অনেক, আমি তাদের সহায়তা করতে পারার ব্যাপারে আশাবাদী।’
এস.আর/নিউজক্রিকেট২৪
