নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে সিলেট স্ট্রাইকার্স। যার নেপথ্যের নায়ক বিপিএলের চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ‘ আমার কোনো ম্যাজিক নেই, সব আল্লাহর রহমত ’ জয়ের পরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি।
এবারের বিপিএলে শুরু থেকেই দারুণ খেলেছে সিলেট। তবে শেষদিকে এসে কিছুটা ধুঁকছে। যেখানে তিন ম্যাচের দুটিতে হেরেছে। এরপরে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফারে নুরুল হাসান সোহানের রংপর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে মাশরাফির সিলেট। অবশেষে দারুণ এক জয় পেয়েছে সিলেট। সেই ম্যাচে ২৮ রান করেন মাশরাফি।
রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে তার কাছে অধিনায়কত্বের ম্যাজিক সম্পর্কে জানতে চাওয়া হলে হাসির সুরে তিনি বলেছেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’
রংপুরের বিপক্ষে ম্যাচ জেতানোর কৃতিত্বটা তরুণ পেসার তানজিম হাসানকে দিয়েছেন মাশরাফি। যেখানে সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এ পেসার।
মাশরাফি বলেছেন, ‘আমরা জানতাম যে উডের একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’
এস.আর/নিউজক্রিকেট২৪
