বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসরের গ্রুপ-১ রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই নিজেদের দুটি ম্যাচ খেলেছে নিগার সুলতানারা। তবে বিশ্বকাপে বাংলাদেশের এক নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

বিষয়টি স্বীকার করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। সেই নারী ক্রিকেটার ফিক্সিংয়ে প্রস্তাব পাওয়ার বিষয়টি সাথে সাথেই বোর্ডকে জানিয়েছে। এরপরে বোর্ড তা জানিয়েছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু)।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির প্রতিবেদন অনুসারে, বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের এক ক্রিকেটারকে দেশের জাতীয় দলের বাইরে থাকা এক নারী ক্রিকেটার অনৈতিক প্রস্তাব দেন।তবে সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছেন তিনি। একই সাথে সেই প্রতিবেদনে দুই ক্রিকেটারের মধ্যকার অডিও কথপোকথনও প্রকাশ করা হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটই এই বিষয়টি দেখভাল করছে। আমাদের খেলোয়াড়রা খুবই ওয়াকিবহাল যে তাদের কী করতে হবে আর কী করতে হবে না। যদি ফিক্সিংয়ের ব্যাপারে কোনো প্রস্তাব আসে তাদের কাছে, তাহলে সে ব্যাপারে তাৎক্ষণিক যে আইসিসি এসিইউকে (আকসু) জানাতে হবে, সে ব্যাপারে তারা জানে। এখন এটা বিসিবির হাতে নয়। বিসিবি তদন্তও করবে না। আমরা যে রিপোর্ট প্রকাশ হয়েছে সে নিয়ে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করবো না। প্রকৃতিগতভাবেই এ বিষয়টা খুবই স্পর্শকাতর।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »