নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপর রাইডার্স। নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লুক উডকে দলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এ ম্যাচ।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে চলছেন ইংলিশ পেসার লুক উড। সবশেষ নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাঁহাতি এই পেসারের। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
পাকিস্তান সিরিজের পর থেকে বিগ ব্যাশ নিয়ে ব্যস্ত ছিলেন উড। মেলবোর্ন স্টারসের হয়ে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। এরপরে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। ডেজার্ট ভাইপার্সের হয়ে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন উড।
টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে গালফ জায়ান্টসের বিপক্ষে ৩১ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।আইএলটি-টোয়েন্টি শেষ করে এবার বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন বাঁহাতি এই পেসার। ইতোমধ্যে সিলেট দলের সাথেও যোগ দিয়েছেন এই ইংলিশ পেসার। আজকের এ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।
এস.আর/নিউজক্রিকেট২৪
