নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। ইতোমধ্যেই ফাইনালে ওঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হওয়া রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের যে কোনো একটি দল ফাইনালে ওঠবে।
এবার আসরের ফাইনালকে সামনে রেখে ইতোমধ্যেই টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ফেব্রুয়ারির সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ফাইনালের টিকিট বিক্রি।
মিরপুর স্টেডিয়ামের ১ নং গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে বিপিএলের টিকিট পাওয়া যাবে।
বিপিএলের চলতি নবম আসরের লিগ পর্বের চেয়ে ফাইনালের সব ক্যাটাগরির টিকিটের দামই বাড়ানো হয়েছে। লিগ পর্বের ম্যাচগুগুলোর টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা, আর সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। এবার টিকিটের সর্বনিম্ন দাম পুনঃনির্ধারণ করা হয়েছে ৩০০ টাকায়। এছাড়া সর্বোচ্চ দাম দুই হাজার টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড) করা হয়েছে ।
উইকেট থেকে সোজা দুই প্রান্তের ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম ৮০০ টাকা করা হয়েছে।
এছাড়া ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০ টাকা করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা ধরা হয়েছে।
চলতি বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফারে মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স ও নুরুল হাসান সোহানের রংপর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এ ম্যাচ।
এস.আর/নিউজক্রিকেট২৪
