স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ -২০২৩ (বিপিএল) এর ১ম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সে হারিয়ে ১ম দল হিসেবে ফাইনালে পা রাখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (১২ ফেব্রুয়ারি) মিরপুরে সুনিল নারিনের অলরাউন্ডিং নৈপুণ্যে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা।
টস জিতে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ বোলিং নৈপুণ্যে ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে সিলেটের সবকটি উইকেট তুলে নেয় কুমিল্লার বোলাররা। টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্যারিবিয়ান সুনিল নারিন ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৮ রান দিয়ে সিলেটের রানের চাকা আটকে রাখলে বাকি বোলাররা টপাটপ উইকেট তুলে নেন।
ইনিংসের শুরুতেই ১৬ রানে তিন টপ অর্ডার ব্যাটার হারিয়ে চাপে পড়লেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং উদ্ভোধনী ব্যাটার নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় অর্ধেক ইনিংস পর্যন্ত ভালো অবস্থানে ছিল সিলেট। ইনিংসের দশম ওভারে দলীয় ৭২ রানে ১৭ বলে ২৬ রান করা মাশরাফি আউট হয়ে গেলে মড়ক লাগে সিলেটের ইনিংসে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৫ রানে অলআউট হয় সিলেট।
কুমিল্লার পক্ষে মুস্তাফিজুর রহমান, আন্দ্রে রাসেল এবং তানভীর ইসলাম ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া সুনিল নারিন, মঈন আলী এবং মুকিদুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।
১২৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্ভোধনী ব্যাটার সুনিল নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ শুভ সূচনা করে কুমিল্লা। তিন চার এবং চার ছক্কায় মাত্র ১৮ বলে ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন নারিন।
এরপর সিলেটের বোলাররা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও মোসাদ্দেক হোসেন এবং অভিজ্ঞ মঈন আলীর দৃঢ়তায় ৬ উইকেটের জয় পায় কুমিল্লা।
