নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে। ইতোমধ্যেই আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বিপিএলের প্লে অফ রাউন্ড। গ্রুপ পর্বের ব্যাট-বলে সেরাদের নিয়ে সাজানো হয়েছে আজকের ফিচার।
এবারের আসরে সাত দল অংশ নেয়। সেখান থেকে তিন দল বিদায় নিয়েছে। গ্রুপ পর্বে টুর্নামেন্টে ৪৬টি ম্যাচের মধ্যে মোট ৪২টি মাঠে গড়িয়েছে। এ সময়ে ছয় হয়েছে ৫০২টি আর চার হয়েছে ১ হাজার ৭২টি।
এবারের আসরের সর্বোচ্চ দলগত রান করেছে ফরচুন বরিশাল। যেখানে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করেছে দলটি। তালিকায় দ্বিতীয়টি কুমিল্লা। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে তারা।
রানের দিক দিয়ে সর্বোচ্চ বড় জয় বরিশালের। রংপুরকে হারিয়েছে ৬৭ রানে তারা। আর উইকেটের দিক দিয়ে সবচেয়ে বড় জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের। তারা উভয়েই ৯ উইকেটের ব্যবধানে প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়েছে।
এবারের আসেরে এখন পর্যন্ত ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবাই ১২টি করে ম্যাচ খেলেছে। এতে ৯ জয় ও ৩ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। সমান জয় ও পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এছাড়া ৮ জয় ও ৪ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রংপুর রাইডার্স। ৭ জয় ও ৫ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে ফরচুন বরিশাল।
এবারের আসরে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি হয়েছে। তবে কেহই হ্যাটট্রিকের দেখা পায়নি।একমাত্র ফাইফার তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুকিদুল ইসলাম। সেঞ্চুরি চারটির মধ্যে তিনটি এসেছে পাকিস্তানিদের ব্যাটে।
খুলনার হয়ে পাকিস্তানের আজম খান, চট্টগ্রামের হয়ে পাকিস্তানের উসমান খান, ফরচুন বরিশালের হয়ে পাকিস্তানের ইফতিখার আহমেদ এবং কুমিল্লার হয়ে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস।
ব্যাট হাতে এখন পর্যন্ত সবোর্চ্চ রান করেছেন সিলেটের তাওহিদ হৃদয়। ১০ ম্যাচ খেলে ৫টি অর্ধশতসহ ৩৭৮ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ১২ ম্যাচ খেলে ৩ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৭৫ রান। তৃতীয় স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসাইন শান্ত। তিনি ১২ ম্যাচ খেলে তিন হাফসেঞ্চুরিতে করেছেন ৩৭৪ রান।
এছাড়া চতুর্থ স্থানে রয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। তিনি ১২ ম্যাচ খেলে ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৬৬ রান। শীর্ষ পাঁচের একমাত্র বিদেশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ রিজওয়ান। তিনি ১০ ম্যাচ খেলে ৪ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৫১ রান।
বল হাতে দেশীয়দের সাথে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন দুই বিদেশি। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুরের আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। ১১ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন।
এছাড়া তৃতীয় স্থানে থাকা রংপুরের হাসান মাহমুদ ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে কুমিল্লার তানভির ইসলাম ১০ ম্যাচ থেকে ১৪ উইকেট পেয়েছেন। পাঁচ রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি রিক্রুট পাকিস্তানের মোহাম্মদ আমির। ১১ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে ফুরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের প্লে অফ রাউন্ড। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এস.আর/নিউজক্রিকেট২৪
