নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। ঘরের মাঠে ইংলিশদের সিরিজ জিততে চান বলে জানিয়েছেন টাইগার তারকা পেসার তাসকিন আহমেদ।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় সহজ হবে না মানছেন তাসকিন। তবে ঘরের মাঠে নিজেদের ফেভারিট মানছেন তাসকিন আহমেদ। ইতোমধ্যে পরিকল্পনা পাঠিয়ে দিয়েছেন হাথুরুসিংহ। সেই অনুসারেই এগিয়ে চলছে বাংলাদেশ।
তাসকিন আহমেদ বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ওরা (ইংল্যান্ড) বিশ্বমানের। আমি মনে করি আমরাও (বিশ্বমানের)। আমরা আমাদেরকে ছোট করছি না কারণ আমরা দেশের বাইরেও বড় বড় দলের সঙ্গে ম্যাচ জিতেছি এবং সবাই পরীক্ষিত। ছোট করছি না, আমাদেরও সক্ষমতা আছে ওদের উইকেট নেয়ার।’
তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই সহজ হবে না। সব সংস্করণেই ওরা বড় দল, শক্তিশালী দল। এটাও বিশ্বাস আছে ঘরের মাটিতে আমরাও অন্যতম শক্তিশালী দল। লড়াই হবে ইনশাআল্লাহ এবং আমরা সেরাটাই দেবো।’
তারকা পেসার বলেন, আমি মনে করি লজিক দিয়ে সব হয় না। দিন শেষে যে ভালো ক্রিকেট খেলবে সে জিতবে। ওভার অল চিন্তা করলে ইংল্যান্ড আমাদের থেকে এগিয়ে এতে সন্দেহ নেই। কিন্তু ঘরের মাটিতে যেহেতু খেলা আশা তো করতেই পারি সিরিজ জয়ের।
সিরিজের সূচি
১ম ওয়ানডে, ১ মার্চ, ঢাকা
২য় ওয়ানডে, ৩ মার্চ, ঢাকা
৩য় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি, ১২ মার্চ, ঢাকা
৩য় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, ঢাকা
এস.আর/নিউজক্রিকেট২৪
