নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার সূচি প্রকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। যেখানে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। আসন্ন এই সফরের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা। ৪ এবং ৫ মার্চ দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। যেখানে ম্যাচের ভেন্যু হিসেবে থাকছে ক্রাইস্টচার্চ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চ ভেন্যুতে মাঠে নামবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আগামী ৯ই মার্চ ম্যাচটি শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৭ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে। এই সফরের দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত হবে। তাই ম্যাচ দুটিই শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৫৩.৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ৫৮.৯৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত। এছাড়া ৭৫.৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৫ মার্চ অকল্যান্ডে শুরু হবে। দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে। এছাড়া সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ৩১ মার্চ হ্যামিল্টনের সিডন পার্কে অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২ এপ্রিল অকল্যান্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সিরিজের বাকী দুই ম্যাচ ৫ এবং ৮ এপ্রিল যথাক্রমে ডুনেডিন এবং কুইন্সটাউনে অনুষ্ঠিত হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »