স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ প্রিমিয়ার লিগ -২০২৩ এর ১ম পর্বের প্রায় শেষ দিকে এসে জমে উঠেছে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকার লড়াই। আজ ( বুধবার) নিজেদের ১১ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে উঠে এসেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। ২য় অবস্থানে থাকা ফরচুন বরিশাল তিন নম্বরে নেমে গিয়েছে। যেখানে সিলেট স্ট্রাইকারস তাদের সবকটি ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট শীর্ষস্থানে অবস্থান করছে।
আজ মিরপুরে চট্টগ্রামের বেধে দেওয়া ১৩৩ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করে ৪ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। দলের পক্ষে রহমানুল্লাহ গুরবাজ ৩০ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন ৭টি চার ও একটি ছক্কায়।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের পক্ষে জিয়াউর রহমান সর্বোচ্চ ৩৩ রান করেন ২৫ বলে।
রংপুরের হারিস রউফ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট শিকারের মাধ্যমে চট্টগ্রামের বড় স্কোরের লাগাম টেনে রাখেন। এছাড়া রাকিবুল হাসান ২টি উইকেট লাভ করেন।
