বিপিএলের মাঝপথে ওমরায় গেলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে। বিপিএলের রাউন্ড রবিন লিগের প্রায় শেষ পর্যায়ে। এর মাঝেই ওমরাহ করতে ওমরাহ হজ পালনের জন্য শুক্রবার রাতে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৬ ফেব্রুয়ারি তার দেশের ফেরার কথা রয়েছে। এবারের বিপিএলে ফরচুন বরিশাল হয়ে খেলছেন সাকিব আল হাসান। বরিশালের অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি।

বরিশাল দলের মালিক মিজানুর রহমান বলেন, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং সোমবার ফিরবে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

গতকাল শুক্রবার দিনের প্রথম ম্যাচে মাঠে নেমে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। আগামী দুই দিন বরিশালের কোন খেলা নেই। আসরের ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে সাকিবের দল।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে নামবে বরিশাল।

চলতি বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন সাকিব। এখন পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ৬টি উইকেট শিকার করেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »