নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যালান ডোনাল্ডের সঙ্গে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাংলাদেশে দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রাথমিকভাবে সেই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিযুক্ত ছিলেন দক্ষিণ আফ্রিকার এ কিংবদন্তি। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেই সিরিজ পর্যন্ত তার সাথে চুক্তির মেয়াদ বাড়ায় বিসিবি। এবার নতুন করে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দিচ্ছে বিসিবি।
সব ঠিক থাকলে চলতি মাসেই বাংলাদেশে আসবেন ডোনাল্ড। পহেলা মার্চ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আসন্ন সিরিজকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। ২৩ তারিখ থেকে শুরু হতে পারে ক্যাম্প।
ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে এ সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১ মার্চ মাঠে গড়াবে।সিরিজের প্রথম দুটি ওয়ানডে ঢাকায় হবে। শেষ ওয়ানডে ও সিরিজের প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রামে হবে। এরপর সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
