নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। তবে বাংলাদেশ সফরে তারকা ক্রিকেটারদের পাচ্ছে না ইংল্যান্ড।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, একরকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। মূলত সেই সময় নিউজিল্যান্ড সফর থাকার কারণে অনেক ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড।
এর আগে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তবে এর বদলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন এই টপ অর্ডার ব্যাটার।
এছাড়া হেলসের সাথে এই আসরে খেলতে যাবেন স্যাম বিলিংস, লিয়াম ডসন ও জেমস ভিন্স। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পিএসএলের এবারের আসর। উল্লেখিত ক্রিকেটারা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণে তাদেরকে বাঁধা দিতে পারবে না ইসিবিও।
অন্যদিকে, চোটের কারণে দুই তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের বাংলাদেশ সফরে না থাকা নিশ্চিত আগে থেকেই। সব মিলিয়ে খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার দারুণ প্রতিযোগিতা করলেও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজই হেরেছে বাংলাদেশ।
এস.আর/নিউজক্রিকেট২৪
