নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসের রেকর্ড সংগ্রহ তাড়া করে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে দলীয় ২২ রানেই ৫ রান করে আউট হয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। তবে দ্রুত সময়ে নিজের আউটকে দলের জন্য একরকম আর্শিবাদের মত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ইমরুল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তামিম ইকবাল এবং শাই হোপের ১৮৪ রানের অনবদ্য জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় খুলনা। বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়ে কুমিল্লা।
১১ টি বিশাল ছক্কায় ১৯১ স্ট্রাইকরেটে মাত্র ৫৬ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন জনসন চার্লস। অসাধারণ এ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক ইমরুল কায়েস।
তিনি বলেন, ‘লিটন চোটে পড়ার পর উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম। কারণ ও যদি পাওয়ার প্লেটা ইউজ করে দেয়, ওর মতো ব্যাটার থাকলে যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন। তারপরে আমি গিয়ে চেষ্টা করেছিলাম অন্তত বল যাতে নষ্ট না হয়। আমি প্রয়োগ করতে পারিনি। শেষ পর্যন্ত আমি আউট হয়ে একটা আর্শিবাদের মতন হয়ে গেছে। কারণ চার্লস যে কাজটা করেছে, হয়তবা সেটা হতো না।’
চার্লসের এমন ইনিংস নিয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে ওর সঙ্গে ব্যাট করলে বেটার লাগত। কারণ সঙ্গী এমন মারতে থাকলে ফিলটা ভালো হয়। আমার মনে হচ্ছিল ২০১৭ সালে যখন ও আমাদের বিপক্ষে রংপুরের হয়ে মারছিল আমরা তখন বাজে অবস্থায় ছিলাম। সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম। চার্লস এখন আমাদের হয়ে খেলছে। ফিনোমিনাল ইনিংস আসলে। এরকম ইনিংস সচরাচর দেখা যায় না। চোখের জন্য শান্তি।’
এস.আর/নিউজক্রিকেট২৪
