রান তাড়ায় রেকর্ড গড়ে শেষ চার নিশ্চিত কুমিল্লার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জনসন চার্লসের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতে ৩য় দল হিসেবে আসরের শেষ চার নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনা টাইগার্সের করা ২১০ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করে ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে অনন্য রেকর্ড গড়ে কুমিল্লা।

চার্লস ১১ টি বিশাল ছক্কায় ১৯১ স্ট্রাইকরেটে মাত্র ৫৬ বলে ১০৭ রানের দুর্দান্ত এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ রিজওয়ান। চার্লসের আগে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক দেখানো রিজওয়ান ৩৯ বলে ৭৩ রানের অসাধারণ ইনিংস উপহার দেন।

এর আগে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে খুলনাকে প্রথমে ব্যাট করতে পাঠালে ২য় উইকেট জুটিতে তামিম ইকবাল এবং শাই হোপের ১৮৪ রানের অনবদ্য জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায়। তামিম ইকবাল সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ৯৫ রানে মোসাদ্দেকের শিকারে পরিণত হন। ৬১ বলের এই আক্রমণাত্মক ইনিংসে ১১টি চার ছাড়াও ছয় মারেন ৪টি।

এছাড়া শাই হোপও সেঞ্চুরি হাতছাড়া করেন। ৫৫ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসটিতে চারের মার থেকে অধিকসংখ্যক বিশাল বিশাল ছয়ের মার ছিল। ৫টি চারের পাশাপাশি ছয় মেরেছেন ৭ টি।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »