নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তবে এর বদলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন এই টপ অর্ডার ব্যাটার।
আজ সোমবার দেশটির সংবাদ মাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভনীয় পারিশ্রমিকের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন হেলস।
অন্যদিকে, একই দিনে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড এক বিবৃতি দিয়ে জানিয়ে, এবারের আসরে পুরো সময়ের জন্যই হেলসকে পাচ্ছে তারা। পঞ্চমবারের মতো দলটির হয়ে খেলতে নামার আগে রোমাঞ্চের কথা জানিয়েছেন ইংলিশ ব্যাটার।
হেলস জানান, আমি প্রথমবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে আসি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে এটি আমার পঞ্চম মৌসুম। গত আসরে তারা আমার কঠিন সময়ে পাশে ছিল, আমার সিদ্ধান্তকে সম্মান করেছিল। তাই প্লে-অফের জন্য ফিরতে আমার আপত্তি ছিল না।
তিনি বলেন, এই বছরও আমি পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি এই দল এবং এখানে যে স্বাধীনভাবে খেলার সুযোগ পাওয়া যায়, তা ভালোবাসি। এবার রাওয়ালপিন্ডিতে খেলার জন্য রোমাঞ্চিত আমি। এই ভেন্যুতে আমি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, এটি সেরা ব্যাটিং পিচগুলির একটি। ইসলামাবাদের ঘরের মাঠের দর্শকদের সামনেও খেলতে চাই। শুনেছি তারা দুর্দান্ত।”
পিএসএলে এবার প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে হেলসকে ১ লাখ ৪৫ হাজার পাউন্ড এ দলে ভিড়িয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ সফরে আসলে কিছু ম্যাচ না খেলার কারণে কাটা যাবে পারিশ্রমিকের বড় একটা অঙ্ক।
এস.আর/নিউজক্রিকেট২৪
