তীরে এসে তরী ডুবলো খুলনার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট পর্বের দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৬৬ রানের মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে খুলনা টাইগার্স। টানটান উত্তেজনার ম্যাচে খুলনাকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা। 

আজ রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে খুলনার প্রয়োজন ছিল ৬ রান। সে সময়ে স্ট্রাইকে থাকা অধিনায়ক ইয়াসির ১ রানের বেশি নিতে না পারায় অবশেষে ১৬১ রানে থামে খুলনার ইনিংস।

খুলনার হয়ে সর্বোচ্চ রান করেছেন অ্যান্ডি বালবির্নি। যেখানে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৮ রান করেছেন। এছাড়া শাই হোপ ৩৩, ইয়াসির আলি ১৯ বলে ১ ছক্কা ও ৩ চারে ৩০ রান, মাহমুদুল হাসান জয় ২৬ রান করেন।

কুমিল্লার হয়ে বল হাতে ২৯ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন নাসিম শাহ। এছাড়া তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট পেয়েছেন।

ম্যাচসেরা হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৫৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। যেখানে ৪টি বাউন্ডারির সাথে ১ টি ছক্কা মেরেছেন।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »