স্টাফ রিপোর্টার »
অনূর্ধ্ব-১৯ প্রমীলা বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটের মাঝারি ব্যবধানে জিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ।
বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে এই ম্যাচ সহ তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। যেখানে সেমিফাইনালের টিকেট পাওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার জয়ও তিনটি করে। তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় সুপার সিক্সেই থামতে হয় বাংলার ক্ষুদে বাঘিনীদের।
আজ পচেফস্ট্রুমে আগে ব্যাট করা আরব আমিরাতকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৯ রানে আটকে ফেলে বাংলার মেয়েরা। লেগ স্পিনার রাবেয়া ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার মেয়েরা মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও স্বর্ণা আক্তারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ৬৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ। সর্ণা ৪টি চার ও ২ টি বিশাল ছক্কায় ১৯ বলে ৩৮ রানের কার্যকরী এক ইনিংস খেলেন।
