স্টাফ রিপোর্টার »
প্রকাশিত হয়েছে আগামী মার্চে মাঠে গড়াতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি। আজ (২৩জানুয়ারি) প্রকাশিত সূচি অনুযায়ী মার্চের ১২ তারিখ ঢাকায় পা রাখছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচে লড়বে আইরিশরা। সিলেটে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে আইরিশদের সফর। সিরিজের ১ম ম্যাচ মাঠে গড়াবে ১৮ মার্চ। এছাড়া বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে যাবে দল দুটি। সেখানে সিরিজের ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এছাড়া সফরের একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ৪ এপ্রিল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে ১৫ মার্চ মাঠে নামবে আইরিশরা। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু কোথায় হবে তা এখনো জানায়নি বিসিবি।
