স্টাফ রিপোর্টার »
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২০২০ সালে ঘোষণা দিয়ে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেললেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি তিনি। চলতি বিপিএলে দুর্দান্ত বোলিং করছেন ৩৯ বছর বয়সী মাশরাফি।
তবে দেশের ক্রিকেটপ্রেমী এবং মাশরাফির শুভাকাঙ্ক্ষীদের চাওয়া মাঠ থেকে যেন আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয় মাশরাফিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদেরও মাশরাফিকে মাঠ থেকে বিদায় দেওয়ার সুযোগ দিতে আপত্তি নেই বলে জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। তবে সেটা বোর্ড রাজি থাকলে।
এই ব্যাপারে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা সম্পুর্ণ বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, আমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আমরা চাই মাঠ থেকে যেন খেলোয়াড়েরা বিদায় নেয়।’
চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন মাশরাফি। তাছাড়া অধিনায়কত্বে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে সিলেট। মাশরাফির পারফর্মেন্স নজর কাড়ছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুরও।
এই ব্যাপারে নান্নু জানান, ‘ঘরোয়া ক্রিকেটে যারা খেলে সবাইকে বিবেচনায় রাখা হয়। কাউকে চোখের আড়াল করা হবেনা। যখন যাকে দরকার হবে, তখন তাকে নিয়ে চিন্তাভাবনা করা হবে।’
