ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরিফকে আর্থিক সাহায্য তামিমের

স্টাফ রিপোর্টার »

তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক।  খেলায় যেমন তিনি দেশসেরা, আর্তমানবতার সেবায় ও তিনি দেশসেরা। তামিম ইকবাল এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার শরিফ ইসলামকে। ক্যান্সারের মত মরণব্যাধিকে পরাজয় করতে শরিফকে ১০ লক্ষ টাকা দিয়েছেন তামিম।

শরিফের বাবাকে তামিম ইকবালের কাছে নিয়ে যান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। গতকাল (রবিবার) বিকেলে তামিমের বাসায় শরিফের বাবা শুক্কুর আলীকে ১০ লক্ষ টাকা তুলে দেন অসীম দয়াবান তামিম।

তামিম ইকবালের উদারতা সম্পর্কে তারই সতীর্থ সাকিব আল হাসান একবার বলেছিলেন, ‘তামিমের কাছে কেউ কোনো কিছু চেয়ে পায়নি, এমনটা কখনো হয়নি।’

গত ১৫ জানুয়ারি সংবাদ মাধ্যমে শরিফের ক্যান্সার আক্রান্ত হওয়ার সংবাদ প্রচারিত হয়। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শরিফকে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে।

এছাড়া ক্রিকেটার তাসকিনের মতে, দেশের সকল ক্রিকেটাররা শরিফকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বেশ আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »