নারী আইপিএল: ৫ দল কিনতে ৩০টিরও বেশি কোম্পানি লড়ছে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৮ সাল থেকে ভারতে শুরু হওয়া ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’কে চলতি বছরে প্রথমবারের মতো নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ রূপান্তর করা হচ্ছে। বেশ কয়েকদিন আগে নারী আইপিএলের দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। এতে ৫ দল কিনতে দরপত্র কিনেছে ৩০টিরও বেশি কোম্পানি। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরুষদের আসর বিশ্বের ফ্র্যাঞ্জাইজি লিগগুলোর মাঝে বেশ জনপ্রিয়। নারীদের আইপিএলকেও সমভাবে জনপ্রিয় করতে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নারী আইপিএলে ৫ দল কিনতে দরপত্র কিনেছে ৩০টিরও বেশি কোম্পানি।

আসন্ন আসরের জন্য দল কেনার লড়াইয়ে রয়েছে বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠান। দরপত্র কিনেছে চেন্নাইভিত্তিক শ্রীরাম গ্রুপ, নীলগিরি গ্রুপ, এডব্লিউ কাটকুনি গ্রুপ। কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে এপিএল এপোলো এবং হালদিরামের মতো স্ন্যাকস এবং মিষ্টি উৎপাদন কোম্পানি।

যারা দরপত্র কিনেছে তারা সবাই বিড নাও করতে পারেন। তবে কর্পোরেট প্রতিষ্ঠানরা আইপিএলে দল কিনতে অনুপ্রাণিত হয়েছে বলা ধারণা করা হচ্ছে। নারী আইপিএলে দল কেনার জন্য প্রতিষ্ঠানদের কমপক্ষে ১ হাজার কোটি রুপি থাকতে হবে। সেই হিসেবে দল কেনা থেকে দূরে থাকতে পারেন বলিউড তারকারা।

এছাড়া বেশ কয়েকটি সিমেন্ট কোম্পানি দল কেনার জন্য দরপত্র নিয়েছে। যেখানে চেত্তিনাথ সিমেন্টের সঙ্গে রয়েছে জেকে সিমেন্ট। বর্তমান চেন্নাই সুপার কিংসের মালিকানায় রয়েছে ইন্ডিয়া সিমেন্টস। আইএলটি২০ তে শারজাহ ওয়ারিয়র্সের মালিকানায় থাকা ক্যাপ্রি গ্লোবাল এবং গালফ জায়ান্টসের দায়িত্বে থাকা আদানি গ্রুপও দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

ছেলেদের সবগুলো ফ্র্যাঞ্চাইজিই দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং দরপত্র কিনেছে। যেখানে দিল্লি ক্যাপিটালসের মালিকানায় থাকা জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপ আলাদা আলাদা দরপত্র কিনেছে। তবে এদেরকে এবার ভিন্ন দল পরিচালনায় দেখা যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টার মাঝে দরপত্র বিক্রি বন্ধ করা হবে। আগামী ২৫ জানুয়ারি মুম্বাইয়ে ৫ দলের ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করা হবে।

নারীদের আইপিএলের নিলামে এবার বাংলাদেশের ৮ জন ক্রিকেটার থাকছেন। তারা হলেন, সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতুমনি ও স্বর্ণা আকতার।

আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নারী ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে। আসরটি মাঠে গড়াতে পারে ৫ মার্চ।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »