দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। একই সাথে ঘরের কিউইদের বিপক্ষে কোন কোন সিরিজ না হারার রেকর্ডটাও ধরে রাখতে চায় স্বাগতিকরা।

শনিবার (২১ জানুয়ারি) রায়পুরে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

হায়দারাবাদে সিরিজে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে অসাধারন এক ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ভারতের পঞ্চম ও বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করেছেন তিনি। যেখানে ১৯টি চার ও ৯টি ছক্কায় ১৪৯ বলে ২০৮ রান করেন গিল । নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের পাহাড় গড়ে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড। তবে সাত নম্বরে নেমে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে কিউইদের জয়ের আশা জাগিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত জয়ের কাছে গিয়েও স্পর্শ করতে পারেনি কিউইরা। ৪ বল বাকী থাকতে ৩৩৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৭৮ বলে ১৪০ রানের অসাধারন ইনিংস খেলেন ব্রেসওয়েল।

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করা নিয়ে রোহিত বলেন, ‘সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই। তবে বোলিংয়ে আমাদের আরও উন্নতি করতে হবে।’

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬টি সিরিজ খেলে সবগুলোই জিতেছে ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে ৫৬টিতে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ১টি টাই হয়, ৭টি পরিত্যক্ত হয়।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »