স্টাফ রিপোর্টার »
পাকিস্তানি রিক্রুট খুশদিল শাহের রেকর্ড গড়া অর্ধশতকে ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানে হারিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ১ম তিন ম্যাচেই হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উদ্ভোধনী ব্যাটার লিটন দাসকে রানের খাতা খোলার আগেই হারালেও অধিনায়ক ইমরুল কায়েস পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ানকে বড় স্কোরের ভীত গড়ে দেন। ইমরুল ৩৩ রানে আউট হয়ে গেলেও রিজওয়ান তুলে নেন অর্ধশতক।
ইনিংসের শেষ দিকে খুশদিল শাহের তান্ডবে দিশেহারা হয়ে পড়ে ঢাকার বোলাররা। মাত্র ১৮ বলে এবারের আসরের দ্রুততম অর্ধশতক তুলে নেন খুশদিল এবং শেষ পর্যন্ত ২৪ বলে ৭ টি চার এবং ৫টি বিশাল ছয়ের বিনিময়ে ৬৪ রানে অপরাজিত ছিলেন খুশদিল। রিজওয়ান এবং খুশদিলের অপরাজিত ইনিংসে কুমিল্লা ১৮৪ রান সংগ্রহ করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে।
কুমিল্লার বেধে দেওয়া ১৮৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকার এবং বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রবিন দাস ০ রানে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। তবে শেষ দিকে অধিনায়ক নাসিরের ঝড়ো ব্যাটিং শেষ রক্ষা করতে পারে নি দলকে। নাসির ৪৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকলেও ঢাকার ইনিংস থেমে যায় ১৫১ রানে ৪ উইকেট হারিয়ে।
