নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যানসার আক্রান্ত ক্রিকেটার মোহাম্মদ শরিফ হাসানের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসার জন্য অনুদান ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোরও আশ্বাস দিয়েছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এছাড়া এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ভরসা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও।
শরিফের ব্যাচমেট আফিফ হোসেন বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন। লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে মাঠ মাতানোর স্বপ্ন থাকলেও তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে বিছানায় শুয়ে লড়ছেন। চার মাস আগে একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন শরিফ। পরে ডাক্তার তাকে পরীক্ষা করে প্রোস্টেট ক্যান্সারের কথা জানায়। এরপরে থেকে আর মাঠে নামা হয়নি এ তরুণ ক্রিকেটারের।
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসা খরচ বহন করতে গিয়ে বর্তমানে প্রায় নিঃস্ব হয়েছে শরিফের পরিবার। এই পেসারের উন্নত চিকিৎসার জন্য বিসিবি ও দেশের তারকা ক্রিকেটারদের কাছে আকুতি জানিয়েছিলেন তার পরিবার। অবশেষে শরিফের উন্নত চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
পাপন বলেন, যা লাগে আমরা করব। এগুলো নিয়ে ভেঙে পড়বেন না। চিকিৎসা করাতে পারছি না বা পারব না এগুলো নিয়ে চিন্তা করবেন না। যেটা সবচেয়ে ভালো হয় সেটাই করা হবে। আপনারা করে যান আমরা আপনাদের সঙ্গে আছি।
নিজাম উদ্দিন বলেন, ‘তার (শরিফ) পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ইতোমধ্যে আমাদের বোর্ড সভাপতি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। আমাদের মেডিকেল টিম প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়ে যেটা প্রয়োজন সে ব্যবস্থা করা হবে।’
দেশের অনূর্ধ-১৫,১৭ ও ১৯ পর্যায়ে বল হাতে দাপটের সাথে খেলেছেন পেসার মোহাম্মদ শরিফ। ২০১৮ যুব বিশ্বকাপের প্রাথমিক ক্যাম্পেও ছিলেন তিনি। প্রথম ও দ্বিতীয় বিভাগেও নিয়মিত খেলেছেন ডানহাতি এ পেসার।
এস.আর/নিউজক্রিকেট২৪
