জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা উইন্ডিজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজ খেলতে আগামী মাসেই জিম্বাবুয়ে সফর করবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত স্কোয়াডে ইনজুরির কারণে নেই জায়দেন সিলস। তার বদলে ডাক পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। এছাড়া দলে আরও অন্তর্ভুক্ত হয়েছেন গুদাকেশ মতি ও জোমেল ওয়ারিকেন। ইনজুরির কারণে বাদ পড়েছেন অ্যান্ডারসন ফিলিপস। এছাড়া বাদ পড়েছেন শামারাহ ব্রুকস।

সবশেষ ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেন শ্যানন গ্যাব্রিয়েল। গত বছর সুপারফিফটি কাপে দারুণ পারফর্ম করেছেন তিনি। গ্যাব্রিয়েলের মতো ওয়ারিকেনও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

দল ঘোষণা করে প্রধান নির্বাচক দেসমন্ড হেইনস বলেছেন, ‘গ্যাব্রিয়েল খুব অভিজ্ঞ একজন বোলার। সে ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ের কন্ডিশন সম্পর্কে ওর ভালো করে জানা আছে। ২০১৭ সালে সেখানে সিরিজ জয়ের সময়ও ও দলের সঙ্গে ছিল।’

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, ত্যাগনারিন চন্দরপল, রোস্টন চেজ, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, রেমন রেইফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »