নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার সিক্সে জায়গা করে নিলো বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এর আগে টুর্নামেন্ট শুরুর প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল টাইগ্রেসরা।
বুধবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে যুক্তরাষ্ট্রের মেয়েদের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে দিশা বিশ্বাসের দল পৌছে যায় পাঁচ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই। প্রথম বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েদের এটি হ্যাটট্রিক জয়। ব্যাটে বলে দারুণ খেলায় ম্যাচসেরা হয়েছেন টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। ব্যাট হাতে তেমন ভালো করতে পারেনি যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ রান করেন স্নিগ্ধা পল। যেখানে ৩৭ বলে ২৬ রান করেন তিনি। এছাড়া লাসিয়া মুল্লাপুদি ৫ ও ধ্রিংলা ২০ রান করেন এবং ১৭ রানে অপরাজিত থাকেন ইসানি।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন দিশা বিশ্বাস। এছাড়া মারুফা আক্তার ১৭ রানে নেন এক উইকেট। উইকেট না পেলেও বল হাতে দারুণ ছিলেন রাবেয়া খান। যেখানে চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেয়েদের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর দিলারা আক্তারের ১৫ বলে ১৭, স্বর্ণা আক্তারের ১৪ বলে ২২, অধিনায়ক দিশা বিশ্বাসের ১৭ বলে ১০ রানে রান করায় অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর রাবেয়া খানের ২৪ বলে ১৮ আর মিস্টি সাহার ১৩ বলে অপরাজিত ১৪ রানে ভর করে জয় পেয়েছে দিশা বিশ্বাসের দল।
এস.আর/নিউজক্রিকেট২৪
