ওয়াহাবের দুর্দান্ত বোলিংয়ে ১ম জয়ের দেখা পেল খুলনা টাইগার্স

স্টাফ রিপোর্টার »

পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ এবং এমাদ বাটের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে অবশেষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেল ইয়াসির- তামিমের দল খুলনা টাইগার্স। আজ (মঙ্গলবার) নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে এই জয় পায় দলটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে মাহেদী হাসান সর্বোচ্চ ৩৮ রান করেন ৩৪ বলে ২টি চার এবং ২টি ছক্কার বিনিময়ে।

দুর্দান্ত বোলিং করা খুলনার ওয়াহাব রিয়াজ তার কোটার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া এমাদ বাট ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

১৩০ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্ভোধনী ব্যাটার তামিম ইকবালের ঝড়ো অর্ধশতকে মাত্র ১টি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। তামিম ইকবাল ৪৭ বলে ৪ টি চার ও ২ টি বিশাল ছক্কায় ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া মাহমুদুল হাসান জয় ৩৮ রানে অপরাজিত ছিলেন। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন ওয়াহাব রিয়াজ।  

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »