সোহানের বদলে রংপুরের অধিনায়ক মালিক

নিজস্ব প্রতিবেদক »

চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। যার ফলে খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে খুলনা টাইগার্সের বিপক্ষে টস করতে নামেন শোয়েব মালিক। যেখানে টস হেরে চট্টগ্রামের সাগরিকায় ব্যাটিংয়ে নামল রংপুর রাইডার্স।

পুরনো চোট নিয়ে চলতি বিপিএলে খেলছেন নুরুল হাসান সোহান। তবে সাইড স্ট্রেইনের সে চোট আরও বেড়ে যাওয়ায় কারণে শেষ পর্যন্ত ছিটকে যেতে হলো রংপুরের এ অধিনায়ককে। এতে খুলনা টাইগার্সের বিপক্ষে মঙ্গলবার সোহানের পরিবর্তে টস করতে আসেন মালিক।

এছাড়া সোহানের বদলে প্রথমবারের মতো এবারের আসরে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোহানের ইনজুরির আপডেট জানিয়েছে রংপুর। যেখানে নিজেদের অফিসিয়াল পেজে লিখেছে, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্নাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিও’র।’

সোহানের চোট নিয়ে মালিক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিনায়ক আজকে খেলতে পারছে না। শরীরের পাশে টান লাগায় ভুগছে সে। আশা করি দ্রুত সেরে উঠবে।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »