স্টাফ রিপোর্টার »
চলতি মাসের ৬ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হয়েছে। এবার বিপিএল নিয়ে সমালোচনার যেন লেগেই আছে। এর মধ্যে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি পরিচালকরা এক আলোচনা সভায় বসেন। বিপিএলের সমাপনী অনুষ্ঠানে থাকছে চমক বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সভা অনুষ্ঠিত হয়। এরপরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
শেখ সোহেল বলেন, আমরা কিন্তু সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ আলোচনা করেছি।
তিনি বলেন, একটা টুর্নামেন্টে ভুল-ত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি। আমরা চেষ্টা করব এবারেও আগের মত সফলভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করব আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা করবেন।
বিপিএলে সমাপনী কোনো অনুষ্ঠান থাকছে কি না? এমন প্রশ্নের উত্তরে গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান বলেন, মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে’তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
