নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নতুন কিছু নিয়ম আনা হয়েছে। লিগটিতে এখন থেকে আর টসের আগে প্রথম একাদশ ঠিক করা হবে না। টসের পরে নিজেদের প্রথম একাদশ ঠিক করতে পারবেন দলের অধিনায়ক। এছাড়া আরও বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, টসের আগে অধিনায়ক ১৩ জন ক্রিকেটারের নাম ঠিক করবেন। এরপরে টসের পরে সেখান থেকে ১১ জনকে নিতে পারবেন। যে দু’জন প্রথম একাদশে সুযোগ পাবেন না তারা বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামতে পারবেন। এছাড়া টসের ওপর নির্ভর করে অধিনায়করা দলে দু’একটি বদল করতে চান।
রান আউটের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। যদি কোনো ফিল্ডার ব্যাটারকে রান আউট করার জন্য থ্রো করেন এবং বল উইকেটে লেগে দূরে চলে যায় তাহলে ওভার থ্রো হিসেবে রান নেয়া যাবে না। ফ্রি হিটের ক্ষেত্রেও যদি বল উইকেটে লেগে দূরে চলে যায় সেখানেও রান নেয়া যাবে না।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ কর্তৃপক্ষ জানানো হয়েছে, ম্যাচ জিতলে দলগুলো চার পয়েন্ট করে পাবে। অতিরিক্ত পয়েন্ট পাওয়ারও সুযোগ রয়েছে। যদি জয়ী দলের রানরেট পরাজিত দলের তুলনায় ১.২৫ গুণ হয় তা হলে অতিরিক্ত ১ পয়েন্ট পাবে তারা। পরাজিত দল কোনো পয়েন্ট পাবে না। যদি কোনো ম্যাচ ভেস্তে যায় তাহলে দু’দলই ২ পয়েন্ট করে পাবে।
১০ জানুয়ারি থেকে মাঠে গড়িয়েছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। যেখানে অংশ নিয়েছে ছয়টি দল। চার সপ্তাহে মোট ৩৩টি ম্যাচ হবে।
এস.আর/নিউজক্রিকেট২৪
