চতুর্থ ম্যাচেই টানা জয়ের দেখা মাশরাফির সিলেটের

স্টাফ রিপোর্টার »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটা ম্যাচেই জয়ের দেখা পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের অষ্টম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৬২ রানে হারিয়েছে সিলেট। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচেই জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে মাশরাফির সিলেট। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুন্যে ৬২ রানের বড় ব্যবধানে ঢাকাকে হারিয়ে দেয় সিলেট। প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন সিলেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয় ঝড়ে ২০১ রানের বিশাল সংগ্রহ গড়ে সিলেট। ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেখানে ৫টি চার ও ৫ টি ছয় মেরেছেন ডানহাতি এ ব্যাটার। বিধ্বংসী ইনিংস খেলার কারণে তৌহিদকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়েছে।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল আগেই ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা ডমিনেটর্স। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। যেখানে নাসির ৫ চার ও ১ ছক্কা মারেন। এছাড়া ২৮ বল খেলে ৪২ রান করেন মোহাম্মদ মিথুন। তার ব্যাট থেকে আসে ৩ চার ও ২ ছক্কার মার।

সিলেটের হয়ে ইমাদ ওয়াসিম, মাশরাফী ও আমির দুটি করে উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট শিকার করেছেন রাজা, পেরেরা ও শান্ত।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »