নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। নারীদের সেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার।
মঙ্গলবার সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে পেছনে ফেলে ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ খেলার কারণেই সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের ৩-০তে সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। পাকিস্তান সফরে সেঞ্চুরি করেন সিরিজে তিন ম্যাচের প্রতিটিতেই।
রাওয়ালপিন্ডিতে ১৫৩ ও ৮৭ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন হ্যারি ব্রুক। পরের দুই টেস্টে ১০৮ ও ১১১ রানের আরও দুটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। ৯৩.৬০ গড়ে ৪৬৮ রান করে সিরিজের সর্বোচ্চ স্কোরার ছিলেন এই তরুণ ক্রিকেটার।
অন্যদিকে, নারীদের ক্রিকেটে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪-১-এ জয়ী টি-টোয়েন্টি সিরিজে দারুণ ভূমিকা রাখারও কারণে এ পুরস্কারটি পেলেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৬৬.৬৬ গড়ে ১১৫ রান এবং বল হাতেও ৭ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
এস.আর/নিউজক্রিকেট২৪
