স্টাফ রিপোর্টার »
মাশরাফি বিন মুর্তজাকে বর্তমানে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায় না। তবে দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলে চলছেন সাবেক এ অধিনায়ক। দেশের ক্রিকেট ভক্তরা ডানহাতি এই পেসারকে বোর্ড বা জাতীয় দলের কোনো দায়িত্বে দেখতে চান। অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
মাঠের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কারণে ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না।তাই মাশরাফিও নির্বাচনে যেতে পারেননি। তবে সাবেক এ অধিনায়ক যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে আগ্রহী তা ২০২১ সালে জানিয়েছিলেন নিজেই। এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপন জানিয়েছেন, মাশরাফির জন্য সবসময় বোর্ডের দুয়ার খোলা।
পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে, ওর সময়। ও সময় দিতে পারবে কিনা, কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও। এগুলো কিন্তু আগে যত সহজ ছিল এখন যত সময় যাচ্ছে তত কিন্তু কঠিন হচ্ছে।’
বোর্ড চাইলে মাশরাফিকে কেন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। কদিন আগের উদাহরণ দিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমি তাকে পরশুদিনই বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা। এর চেয়ে বেশি আর কি বলব। এখন আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। কিসের লিখিত দিব? এভাবে তো লিখিত দেয়া যায় না।’
এস.আর/নিউজক্রিকেট২৪
