স্টাফ রিপোর্টার »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলতে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার রবিন দাস। ঢাকা ডমিনেটরসের হয়ে খেললেও এখন পর্যন্ত ব্যাট হাতে মাঠে নামা হয়নি তার। সোমবার মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন রবিন। জানালেন, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন দেখেন তিনি।
রবিন দাসের জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডের লন্ডনের মাটিতে। রবিনের পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে। ইংল্যান্ডে বেড়ে ওঠার কারণে রবিন ক্রিকেট ক্যারিয়ার সেখানেই শুরু করেছেন। বাংলাদেশের সঙ্গে নাড়ির টান রয়েছে ইংলিশ এই তরুণ ক্রিকেটারের। এবারের বিপিএলে ঢাকা ডমিনেটরসের স্কোয়াডে আছেন তিনি।
রবিন দাস খেলেছেন কাউন্টি ক্রিকেট। ইংলিশদের হয়ে এখন পর্যন্ত অভিষেক হয়নি রবিনের, তবে বদলি ফিল্ডার হিসেবে একবার ইংল্যান্ডের টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।
রবিন দাস বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি। অনেক ম্যাচ দেখেছি। কিন্তু ওই দেশে (ইংল্যান্ডে) বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের (ইংল্যান্ডের) হয়েই খেলা দরকার।’
২০২২ সালের জুনে বাংলাদেশের দর্শকদের প্রথম নজরে আসেন রবিন। সেবার ইংল্যান্ডের বাড়তি ক্রিকেটার হিসেবে দলের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। যেখানে ম্যাথু পটসের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
