দায়িত্ব পেলে দুই মাসে সব পরিবর্তন করতে পারব: সাকিব

নিজস্ব প্রতিবেদক »

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে একদিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। আজ বুধবার নতুন এই দায়িত্ব নিয়ে বিপিএল নিয়েও নিজের কথা বলেছেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানিয়েছেন, দায়িত্ব পেলে দুই মাসে সব পরিবর্তন করতে পারব।

সাংবাদিকদের প্রশ্ন ছিল ৬ জানুয়ারি শুরু বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন?

উত্তরে জানালেন, বেশিদিন লাগবে না পরিবর্তন করতে। সর্বোচ্চ ১ থেকে ২ মাস। সাকিব বলছিলেন, ‘আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

চলতি মৌসুমে নতুন সিইও হলে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে হোম এন্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে আগামী ৬ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এবারে বিপিএলে সাতটি দল অংশগ্রহণ করছে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »