নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে আবারো দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। এবার একেবারে অন্য ভূমিকায়। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান কর্তা। দলটির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দেখা যাবে সৌরভকে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ দিল্লির আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। আইপিএলের এক সূত্র পিটিআই-কে জানিয়েছে, ‘হ্যাঁ, সৌরভ এই বছর থেকে দিল্লি ক্যাপিটালসে ফিরে আসছেন। আলোচনা এবং যাবতীয় কার্যকলাপ শেষ।’
আরও বলেছে, ‘সৌরভ এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আগে কাজ করেছেন, মালিকদের সঙ্গে একটি ভালো সম্পর্ক রয়েছে। এবং যদি তিনি আইপিএলে কাজ করেন, তবে তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গেই করবেন।’
২০২২ সালের অক্টোবরে বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেট প্রশাসন থেকে সরে এসেছিলেন। এতদিন ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। ফের তিনি ক্রিকেটে ফিরছেন।
এস.আর/নিউজক্রিকেট২৪
