নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েকদিন বাকী। আসরকে সামনে রেখে গতকাল সোমবার থেকে অনুশীলনে নামছে ফরচুন বরিশাল। তবে আসর মাঠে গড়ানোর আগে দুঃসংবাদ পেলো বরিশাল। এবারের আসরে বরিশালের হয়ে ক্রিস গেইলের খেলার কথা থাকলেও বিপিএল মাতাতে আসছেন না ক্যারিবীয়ান এ তারকা।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ফিটনেস সংক্রান্ত জটিলতা থাকায় এবারের বিপিএল খেলতে আসবে না গেইল। গেল ১ বছরে সে ব্যাট-বল থেকে দূরে ছিল। সে কারণে আসছে না খেলতে।’
মিজানুর রহমান জানিয়েছেন, গেইল না আসলেও তার স্বদেশি রাহকিম কনর্নওয়াল দলের সঙ্গে যোগ দেবেন খুব শ্রীঘই। এদিকে সোমবার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বরিশাল। ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। কবে নাগাদ যোগ দেবেন দলের সঙ্গে এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানিয়েছেন, ‘বুধবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।’
বরিশাল দলে দেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটাররা। এছাড়া রয়েছেন এবাদত হোসেন, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটার।
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
এস.আর/নিউজক্রিকেট২৪
