নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরকে সামনে রেখে শিরোপা ধরে রাখার লক্ষ্যে গতকাল থেকেই অনুশীলন শুরু করেছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে এ দলের হয়েই বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদি। তবে বিদেশ এই দুই ক্রিকেটারকে শুরুতে পাচ্ছে না কুমিল্লা।
কুমিল্লা দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে আসরে শুরুতে পাবে না কুমিল্লা।নিউজিল্যান্ডের সাথে সিরিজ চলাকালীন সময়ে কুমিল্লার হয়ে প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তারকা এ দুই ক্রিকেটার।
তারকা দুই ক্রিকেটারের প্রসঙ্গ সালাউদ্দিন বলেন, ‘মোহাম্মদ রিজওয়ান-শাহীন আফ্রিদি এরা হয়তো তিন ম্যাচ পরে আসা শুরু করবে। পাকিস্তানি ক্রিকেটারদের যেহেতু খেলা আছে সিরিজ আছে এরপরই হয়তো আশা শুরু করবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচের জন্য ব্রেন্ডন কিং, ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী, খুশদিল শাহ, আমির জামাল থাকতেছে।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ থেকে দলে নিয়েছে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের মতো তারকা ক্রিকেটারকে। এছাড়া রয়েছেন ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা।
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
এস.আর/নিউজক্রিকেট২৪
