নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরেও থাকছে না পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। আসরকে সামনে রেখে আজ রোববার থেকেই অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথমবারের মতো অনুশীলন করেছে কুমিল্লা দল। আর অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
ডিআরএস না থাকায় ভুল সিদ্ধান্তে যে কারো টুর্নামেন্ট হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন কুমিল্লার এই কোচ সালাউদ্দিন বলেন, ‘দেখেন এত বড় একটা টুর্নামেন্ট ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। যেকোনো একটা সিদ্ধান্তের জন্য পুরো টুর্নামেন্টটা আপনি হেরে যেতে পারেন।’
তিনি বলেন, ‘আমার মনে হয় আপনারা (বিসিবি) অনেক সময় পেয়েছিলেন। আর বোর্ডের তো অনেক টাকা, তাই এই ধরণের টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের তো টাকার অভাব নেই৷ এত বড় টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস রাখা উচিত ছিল।’
এর আগে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, ‘ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমিনেটরে (প্লে-অফ) থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে পূর্ণাঙ্গ ডিআরএস থাকবে।’
এডিআরএস-এর বিষয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করছি। যেটি গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’
আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
এস.আর/নিউজক্রিকেট২৪
